নিউজ ডেস্ক || ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ায় ৫৫টি পোশাক কারখানা বন্ধ এবং ৯২টিতে আংশিক উৎপাদন চলছে। শনিবার এ তথ্য জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে শনিবারও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন কার্যক্রম চলছে।
তিনি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাহমুদ হাসান খান আরও বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে বেতন বৃদ্ধির আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তবে আগামীকাল রোববার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের উদ্যোক্তারা মজুরি বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবেন।
চলমান পরিস্থিতি সামাল দিতে শ্রমিক ফেডারেশনগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।